নিউজ ডেস্ক , চট্টগ্রাম
হাটহাজারীতে আবারও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশের একটি ব্রিজের নিচের ডোবা থেকে প্রায় ৬২ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রথমে ডোবার পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে। তবে ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে নিহত ব্যক্তি সম্ভবত একজন ভিক্ষুক। গতকাল বিকেলেও তাকে এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে।
তিনি আরও বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।
এর আগের দিন, সোমবার (১০ নভেম্বর) হাটহাজারীতে আলমপুর ও মদুনাঘাট এলাকা থেকে পৃথকভাবে আরও দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ—একজন আনুমানিক ৫৫ বছর বয়সী পুরুষ এবং একজন প্রায় ৩০ বছর বয়সী নারী।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুইয়া ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট