মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই লেকের পানিতে ডুবে মুশরিকা আক্তার (০৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকার বাসিন্দা রমজান আলীর মেয়ে মুশরিকা আক্তার দুপুরে লেকের পাড়ে খেলা করছিল। খেলার সময় অসাবধানতাবশত সে লেকের গভীর পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির সাঁতার জানা ছিল না। ফলে পানিতে পড়ে যাওয়ার পর সে আর উঠে আসতে পারেনি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়।
দ্রুত মুশরিকা আক্তারকে চিকিৎসার জন্য স্থানীয় ইবনে সিনা হাসপাতাল (সাবেক রাবেতা হাসপাতাল) এ নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক ও দুঃখজনক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট