নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসক ডা. এশফাকুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি নিহাদ শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাতে চান্দগাঁও থানার একটি অভিযানে নগরীর টুমরোল্যান্ড টার্ফের সামনে আড্ডারত অবস্থায় নিহাদ শাহরিয়ারকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়।
এর আগে, গত ২১ মে রাতে ইভেনিং ডিউটি শেষে বাসায় ফেরার পথে চান্দগাঁও রেসিডেন্সিয়াল এলাকার প্রবেশমুখসংলগ্ন এলাকায় হামলার শিকার হন ডা. আশফাকুল আলম। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, মামলার এক নম্বর আসামি নিহাদ শাহরিয়ারকে গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত একজন আসামি গ্রেপ্তার আছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট