ঢাকা | বঙ্গাব্দ

এনসিটি ইজারা নিয়ে ফের উত্তাপ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল স্কপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
এনসিটি ইজারা নিয়ে ফের উত্তাপ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল স্কপ ছবির ক্যাপশন: এনসিটি ইজারা নিয়ে ফের উত্তাপ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল স্কপ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের একই স্মারক নম্বরে জারি করা দুটি পৃথক চিঠিতে ভিন্নধর্মী নির্দেশনা থাকায় টার্মিনালটির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে বন্দর অঙ্গনে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বুধবার (১০ জুন) চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান স্কপের নেতারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন-১ অধিশাখা থেকে গত ৪ জুন একই স্মারক নম্বরে দুটি পৃথক চিঠি জারি করা হয়। একটি চিঠিতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান আলোচনা এগিয়ে নেওয়া অথবা প্রতিষ্ঠানটি আগ্রহী না হলে পুরো প্রক্রিয়া বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। অন্য চিঠিতে মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই বিষয়ে ভিন্নমুখী নির্দেশনা থাকায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা এনসিটি বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান
চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বয়কারী এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই এর গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

এর আগে চলতি বছরের শুরুতে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বন্দরজুড়ে আন্দোলন গড়ে ওঠে। সে সময় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও স্কপের আন্দোলনের মুখে বন্দর কার্যক্রমে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়। পরে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া স্থগিত রেখে টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল হিসেবে পরিচিত এনসিটিতে একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেকই এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। আধুনিক গ্যান্ট্রি ক্রেন ও অন্যান্য সরঞ্জামসহ টার্মিনালটির সব অবকাঠামো বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হয়েছে।
বর্তমানে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেডের কাছে রয়েছে। ২০২৫ সালের ৭ জুলাই থেকে প্রতিষ্ঠানটি এনসিটির কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন