নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চট্টগ্রামের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের শেষ কর্মসূচিতে রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন।
নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে রাত সোয়া ৮টার দিকে সভাটি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় চট্টগ্রামের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়েও নেতাদের সঙ্গে আলোচনা করেন দলীয় চেয়ারম্যান।
এর আগে দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার চট্টগ্রামে আসেন তারেক রহমান।
বিকেলে হেলিকপ্টারে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান তিনি। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
দিনের আরেক কর্মসূচিতে হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, বিনিয়োগ, বিদ্যুৎ-গ্যাস ব্যবস্থাপনা এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারেক রহমান।
দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তার চট্টগ্রাম সফরের কর্মসূচি শেষ হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট