ঢাকা | বঙ্গাব্দ

টিকা-চিকিৎসা থাকলেও তবুও বাড়ছে হেপাটাইটিসের ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
টিকা-চিকিৎসা থাকলেও তবুও বাড়ছে হেপাটাইটিসের ঝুঁকি ছবির ক্যাপশন: টিকা-চিকিৎসা থাকলেও তবুও বাড়ছে হেপাটাইটিসের ঝুঁকি
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
প্রতি বছর ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ২০৩০ সালের মধ্যে এটিকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে নির্মূল করার লক্ষ্যেই দিবসটি পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বছরের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস : লেটস ব্রেক ইট ডাউন’, যার মূল আহ্বান হেপাটাইটিস প্রতিরোধ ও চিকিৎসার পথে থাকা আর্থিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করা।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে হেপাটাইটিস শনাক্তের নির্ভরযোগ্য পরীক্ষা, কার্যকর টিকা এবং চিকিৎসা ব্যবস্থা থাকলেও সচেতনতার অভাব ও সময়মতো পরীক্ষা না করানোর কারণে অনেক মানুষ এখনও ঝুঁকির মধ্যে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের একটি সূত্র বলছে, বিশেষ করে নারীদের বিউটি পার্লার ও পুরুষদের সেলুনে একই ব্লেড একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হলে হেপাটাইটিস বি-সহ রক্তবাহিত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস মূলত লিভারের একটি ভাইরাসজনিত রোগ। এটি এ, বি, সি, ডি ও ই-এই পাঁচ ধরনের ভাইরাসের মাধ্যমে হতে পারে। এর মধ্যে হেপাটাইটিস এ ও ই সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় এবং বেশিরভাগ ক্ষেত্রে স্বল্পমেয়াদি।
অন্যদিকে, হেপাটাইটিস বি, সি ও ডি রক্ত বা শরীরের অন্যান্য তরলের মাধ্যমে সংক্রমিত হয় এবং দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো জটিল রোগের কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ২৮ কোটি ৭০ লাখ মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি বা সি নিয়ে বসবাস করছিলেন। একই বছরে এ দুটি সংক্রমণের কারণে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত ব্লেড, ক্ষুরের হাতল রক্তের সংস্পর্শে আসা অন্যান্য যন্ত্র যথাযথভাবে জীবাণুমুক্ত না করলে হেপাটাইটিস ‘বি’ (এইচবিভি) ও হেপাটাইটিস ‘সি’ (এইচসিভি)-এর মতো রক্তবাহিত ভাইরাস ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়।
চট্টগ্রামে জেলা বা মহানগরভিত্তিক হেপাটাইটিস বি রোগীর মোট সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রকাশিত পরিসংখ্যান পাওয়া যায়নি। চট্টগ্রামে রক্তদাতাদের ওপর পরিচালিত একটি গবেষণায় (হেপাটাইটিস বি) পজিটিভের হার ৪ দশমিক ৮৮ শতাংশ পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে থাকেন যে, একই ব্লেড, ক্ষুর বা জীবাণুমুক্ত না করা ধারালো যন্ত্র একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করলে হেপাটাইটিস বি ও সি ছড়ানোর ঝুঁকি থাকে। এটি একটি স্বীকৃত জনস্বাস্থ্য ঝুঁকি।

চিকিৎসকরা বলছেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে ‘হেপাটাইটিস বি’ সবচেয়ে বেশি আলোচিত। দেশে এ রোগের সংক্রমণের হার বৈশ্বিক গড়ের তুলনায় কিছুটা বেশি। তবে ২০০৩ সাল থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে নবজাতকদের হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত করার ফলে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবুও প্রাপ্তবয়স্কদের জন্য টিকাদান ও নিয়মিত স্ক্রিনিং এখনও পর্যাপ্ত নয়।

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিসের অন্যতম বড় সমস্যা হলো অনেক ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ দেখা যায় না। ক্লান্তি, ক্ষুধামন্দা, পেটব্যথা, বমিভাব, গাঢ় রঙের প্রস্রাব এবং জন্ডিস দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে ‘হেপাটাইটিস সি’ বছরের পর বছর নীরবে লিভারের ক্ষতি করতে পারে।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অ্যাটেন্ডিং কনসালটেন্ট (গ্যাস্ট্রোএন্টেরোলজি ও হেপাটোলজি) ডা. এস. এম. সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে হেপাটাইটিস বি ও সি রোগীদের জন্য উন্নতমানের স্ক্রিনিং, পরীক্ষা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সহজলভ্য। সময়মতো রোগ শনাক্ত করা গেলে জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং প্রয়োজন অনুযায়ী টিকাদানের মাধ্যমে হেপাটাইটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ