নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুই শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
সোমবার (২৩ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষক হলেন— অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীর হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
এছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “বিধি অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
তিনি বলেন, “তাদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাদের অবস্থান জানাতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাদের সশরীর রেজিস্ট্রারের কাছে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।”
অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে গঠিত তথ্যানুসন্ধান কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট