কামরুল সিফাতউল্লাহ
"সাফল্যের নতুন এক শিখরে বীর চট্টলা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদক-২০২৬' প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দেওয়া হয়। তবে এবারের পদক প্রাপ্তিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে চট্টগ্রাম।"
"পদকপ্রাপ্তদের তালিকায় দেখা যায়, ৯ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ৩ জনই জন্মসূত্রে চট্টগ্রামের সন্তান। তারা হলেন— রূপালি পর্দার কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, রক মিউজিকের আইকন প্রয়াত আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং বিশ্বখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম।
অন্যদিকে, চারুকলায় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার জন্মসূত্রে রাজশাহীর হলেও, তার দীর্ঘ কয়েক দশকের কর্মজীবন কেটেছে এই চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এই অধ্যাপক শিক্ষকতা ও শিল্পচর্চার মাধ্যমে চট্টগ্রামের শিল্পাঙ্গনকে বিশ্বজুড়ে পরিচিত করেছেন। ফলে কর্মসূত্রে তিনিও চট্টগ্রামের গর্বের অংশীদার।"
"ব্যক্তিগত মেধা আর দীর্ঘদিনের সাধনায় চট্টগ্রামের এই চার নক্ষত্র জাতীয় পর্যায়ে যে অনন্য স্বীকৃতি পেলেন, তা বন্দরনগরীর সংস্কৃতি ও ঐতিহ্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করল।"

দৈনিক চট্টগ্রামপোস্ট