ঢাকা | বঙ্গাব্দ

অভিনব কৌশলে ইয়াবা পাচার কালে আটক ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
অভিনব কৌশলে ইয়াবা পাচার কালে আটক ৫ ছবির ক্যাপশন: অভিনব কৌশলে ইয়াবা পাচার কালে আটক ৫
ad728
আনোয়ার হোছাইন, (ভ্রাম্যমাণ) প্রতিনিধিঃ

কক্সবাজারে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১২ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। 

অভিযানে একটি সিএনজি, একটি মোটরসাইকেল এবং কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানে গত ১১ জুন সকাল সাড়ে ১০টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে দুই যাত্রীকে আটক করে। তারা হলেন টেকনাফের পূর্ব সাতঘরিয়াপাড়ার মো. শাহ জালাল (২১) ও মো. সোনা মিয়া (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করলে পরবর্তীতে তাদের পেটের ভেতর থেকে পায়ুপথের মাধ্যমে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মরিচ্যা বাজার থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. শাহনেওয়াজ (১৮) ও মো. আলমগীরকে (২৬) আটক করা হয়। মোটরসাইকেলটির বিভিন্ন অংশে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অপরদিকে একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে চালক মো. জুনায়েদকে (১৯) আটক করা হয়। পরে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় একটি সিএনজি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইয়াবাসহ সব ধরনের মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা পাচারের নানা কৌশল ব্যবহার করা হলেও বিজিবির ধারাবাহিক অভিযানের কারণে মাদক কারবারিদের তৎপরতা অনেকাংশে বাধাগ্রস্ত হচ্ছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট