নিউজ ডেস্ক | চট্টগ্রাম
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরকালে তিনি বিভিন্ন সামরিক এক্সপোজিশনে যোগ দেন, ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সহযোগিতা ও সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা করেন।
সফরের প্রথম অংশে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করেন। সফরকালে তিনি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
পরবর্তী ধাপে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট