কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানকে 'দাঁড়িপাল্লা' মার্কায় বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ জোটের শরিক দলগুলো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজারে জামায়াতের উপজেলা কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
জনগণের অধিকার আদায়ে আপসহীন জোট : সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন,"আমরা ১১ দলীয় ঐক্য এক ও অভিন্ন। স্বৈরাচার রুখতে এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা যে সাড়া পেয়েছি, তাতে এটি স্পষ্ট যে এবার এই অঞ্চলে পরিবারতন্ত্রের অবসান সুনিশ্চিত।"
ভুল বোঝাবুঝির অবসান ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা : বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের মানিক জানান, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসন নিয়ে জোটের মধ্যে যে সাময়িক ভুল বোঝাবুঝি ছিল, তার সফল নিরসন হয়েছে। তিনি উল্লেখ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রাম-৮ আসনের সংকট নিরসনে সুস্পষ্ট সমাধান দিয়েছেন। বোয়ালখালীতে এনসিপি-র 'শাপলা কলি' মার্কার বিজয় নিশ্চিত করতে ১১ দলীয় জোটকে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। গণতন্ত্র রক্ষায় সকল শরিক দল এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : সংবাদ সম্মেলনে কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাস্টার মনির আফসার চৌধুরী প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, একটি পক্ষ 'ফ্যামিলি কার্ডে'র প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, অতীতে যেমন বিদ্যুতের খুঁটি দিয়েও সংযোগ দেওয়া হয়নি, এই কার্ডের প্রতিশ্রুতিও তেমনি অন্তঃসারশূন্য হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন
আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গণি,
কর্ণফুলী উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর,বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট মো. হারুন, ব্যবসায়ী ফোরাম সভাপতি ইলিয়াছ মেম্বার, এনসিপি নেতা ইরফান, শাহেদুল ইসলাম শাহেদ, আবদুল আউয়াল রানা প্রমুখ।

দৈনিক চট্টগ্রামপোস্ট