আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের সেন্টার–মহালখান বাজার সড়কের বড় একটি গর্ত নিজ অর্থায়নে বালু ও কংক্রিট দিয়ে ভরাট করে সংস্কার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরাগ ইউনিয়নের সেন্টার থেকে বটতলী যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কের মহালখান বাজারের আগে কয়েক মাস আগে বড় একটি গর্তের সৃষ্টি হয়। চার মাসের বেশি সময় ধরে গর্তটি সংস্কার না হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষায় গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, সময়ের সঙ্গে গর্তটি বড় হয়ে যাওয়ায় ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় এর গভীরতা বোঝা যেত না। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। দীর্ঘদিনেও গর্তটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয় পথচারী পারভেজ বলেন, গর্তটি দিন দিন বড় হয়ে যাওয়ায় এখান দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হতো। বৃষ্টির সময় পানি জমে গেলে গর্তটি কোথায় এবং কতটা গভীর, তা বোঝা যেত না। এতে দুর্ঘটনার ভয় থাকত।
স্থানীয় বাসিন্দা মো. আরফাতুল ইসলাম (জনি) বলেন, দীর্ঘদিন ধরে সেন্টার–মহালখান বাজার সড়কের বড় গর্তের কারণে মানুষ ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। ফরিদ উদ্দিন ভাই নিজ অর্থায়নে গর্তটি সংস্কার করেছেন। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ কিছুটা হলেও কমেছে। এমন উদ্যোগের জন্য ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানাই।
মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় এবং জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে সেন্টার–মহালখান বাজার সড়কের বড় গর্তটি সংস্কার করেছি। মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করাই ছিল আমার উদ্দেশ্য।
দৈনিক চট্টগ্রামপোস্ট