ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় মার্কেটের সামনে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
আনোয়ারায় মার্কেটের সামনে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৭ ছবির ক্যাপশন: আনোয়ারায় মার্কেটের সামনে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৭
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মার্কেটের চলাচলের রাস্তার পাশে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদারপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—ব্যবসায়ী মো. সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০), আলী হোসেন (৩৫) ও আজগর (৪৫)। আহতদের মধ্যে দেলোয়ার হোসেন আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের ‘এ আলী শপিং কমপ্লেক্স’-এর চলাচলের রাস্তায় কয়েকজন দোকান নির্মাণের চেষ্টা করলে মার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন। এ নিয়ে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে ইজারাদারপক্ষের লোকজনের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।

ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করে বলেন, দুপুর দুইটার দিকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে কয়েকজন মার্কেটের চলাচলের রাস্তার ওপর দোকান নির্মাণ করতে আসেন। ব্যবসায়ীরা বাধা দিলে তাঁরা চলে যান। পরে বিকেল পাঁচটার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর হামলা করেন। এতে সাত থেকে আটজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাজারের ইজারাদার জাকির আহমেদ। তিনি বলেন, বাজারের খালি জায়গায় তাঁর দলের কয়েকজন দোকান বসাতে চেয়েছিলেন। ব্যবসায়ীরা তাঁদের দোকান ভেঙে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ব্যবসায়ীদের ওপর হামলা করেন।

আহত দেলোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাস্থল থেকে দূরে আবুল হোসেন মার্কেটের সামনে বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে বিএনপির নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাতটার দিকে চারজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ঘটনাটি এনসিপি ও বিএনপির মধ্যে সংঘর্ষ হিসেবে বিভিন্ন জায়গায় ছড়ালেও প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ওসি আরও বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট