ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় সুদের টাকা পেয়ে দিনদুপুরে প্রকাশ্যে হত্যাচেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
আনোয়ারায় সুদের টাকা পেয়ে দিনদুপুরে প্রকাশ্যে হত্যাচেষ্টা ছবির ক্যাপশন: আনোয়ারায় সুদের টাকা পেয়ে দিনদুপুরে প্রকাশ্যে হত্যাচেষ্টা
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দিপুমনি মার্কেট এলাকায় প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রূদ্রা ময়নার বাড়ির আবদুস ছোবাহানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সোহেলের মা ছেনোয়ারা বেগমের সঙ্গে সুদের লেনদেনকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। গত বছরের ১ সেপ্টেম্বর মাসিক ৫ হাজার টাকা মুনাফার শর্তে গিয়াস উদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন ছেনোয়ারা বেগম। পরে এক মাসের মুনাফার টাকা পরিশোধ করতে না পারায় সোহেল ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন গিয়াস উদ্দিন।

গত ২২ জুন সকাল প্রায় ১১টার দিকে টাকার বিষয়ে কথা বলার অজুহাতে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর বেগম দিপুমনি মার্কেটের সামনে সোহেল ও তার মাকে ডেকে নেন। কথাকাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে সোহেলের তলপেটে দুটি, ডান পায়ে দুটি এবং পিঠে চারটিসহ মোট আটটি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় ছেলে সোহেলকে রক্ষা করতে এগিয়ে গেলে ছেনোয়ারা বেগমকেও হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। এতে তার ডান হাতের তালু গুরুতর জখম হয়। অভিযোগ রয়েছে, হামলার সময় আসামিরা সোহেলের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে ২৪ জুন আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। প্রকাশ্যে সংঘটিত হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ