ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় সুন্নী জোট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
আনোয়ারায় সুন্নী জোট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর ছবির ক্যাপশন: হামলা ও ভাঙচুর
ad728
জে.এম জাবেদ - আনোয়ারা 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসখামা গ্রামের মধ্যমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত নির্বাচনী অফিসে অনুপ্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে।

ঘটনার পরদিন সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. নাজিমুদ্দীন জানান, এ ঘটনায় আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অভিযোগে কাউকে নির্দিষ্টভাবে অভিযুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সরেজমিনে দেখা যায়, খাসখামা গ্রামের মধ্যমপাড়া এলাকায় অবস্থিত ইসলামী ফ্রন্টের নির্বাচনী অফিসটির ভেতরে ও বাইরে ভাঙচুরের স্পষ্ট চিহ্ন রয়েছে। অফিসের চেয়ার-টেবিল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং ছেঁড়া ব্যানার ও ফেস্টুন মেঝেতে ছড়িয়ে ছিল।

জানা গেছে, মাত্র কয়েক দিন আগে শনিবার (৩১ জানুয়ারি) প্রার্থী এস এম শাহজাহান নিজে উপস্থিত থেকে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের তিন দিনের মাথায় এ হামলার ঘটনাকে নির্বাচন সংশ্লিষ্ট মহল উদ্বেগজনক ও অশনিসংকেত হিসেবে দেখছেন।

এ বিষয়ে ছাত্রসেনার স্থানীয় ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শরফুদ্দীন কাদেরী অভিযোগ করে বলেন, ইসলামী ফ্রন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই হামলা তারই অংশ।

ইসলামী ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. নাজিমুদ্দীন বলেন, “গত রাতের হামলার বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি। দুপুর সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

হামলার প্রতিবাদে সোমবার দুপুরে ঘটনাস্থলে ইসলামী ফ্রন্ট ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়