ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নির্মাণাধীন ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নির্মাণাধীন ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নির্মাণাধীন ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অনুমোদন ছাড়াই নির্মাণাধীন ডি অ্যান্ড সি নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরখিজিপুর এলাকায় নির্মাণাধীন ইটভাটাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় হাজী রফিক আহাম্মদ (৮৪) ডি অ্যান্ড সি নামের ইটভাটাটি নির্মাণ করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর ‘কর্ণফুলী নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের চার দিন পর ইটভাটাটিতে অভিযান চালিয়ে জরিমানা করল প্রশাসন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

এদিকে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা নির্মাণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, ইটভাটার দূষণ ও বর্জ্য নদীর পরিবেশ এবং স্বাভাবিক গতিপথের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ধরনের ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলী নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এ ছাড়া ইটভাটার বর্জ্য, ইটের আধলা ও মাটি ফেলে নদীর তীরবর্তী এলাকা ভরাট করে দখল করা হলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। এতে নদীর বিপরীত পাড়ে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বনভূমি ও বসতভিটা বিলীন হতে পারে।
তিনি আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাটিকে জরিমানা করা হয়েছে। আমাদের কার্যালয়ের একজন কর্মকর্তা ইটভাটাটি পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক