নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কাঞ্চনা উন্মুক্ত পাঠাগার কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি ২০২৫ (সিজন–২)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ মার্চ ২০২৬, সোমবার, পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সমাজকর্মী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে পাঠাগারের সাবেক ও বর্তমান সভাপতি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে চারজন বিশিষ্ট বক্তা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার লক্ষ্য, ক্যারিয়ার উন্নয়ন, সৃজনশীলতা ও আত্ম-উন্নয়ন বিষয়ক মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা হলেন—মোহাম্মদ নাজিম উদ্দীন, মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী, ড. রেজাউল করিম এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুর রহমান।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ ও মূল্যবান বই প্রদান করা হয়। এছাড়া ৩০ জন শিক্ষার্থীকে অতিরিক্ত শিক্ষা সামগ্রী দেওয়া হয় এবং দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৪ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা জানানো হয়।
এছাড়া ২ জন কৃতী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়, যা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট