নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে কোদালা জেলে পাড়া থেকে চন্দ্রঘোনা মিনার পাড়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে নদীতে দমকা হাওয়া ও বৈরী আবহাওয়া শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা যাত্রীদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। পরে ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও রুপন ঘোষসহ আরও একজন। তাদের উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুই বছরের শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, নৌকাডুবির ঘটনায় কনিকা দাশ (১৯) নামে এক নববধূ এখনও নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে স্থানীয় জেলেরা, স্বজন ও এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন।
ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা কর্ণফুলী নদীতে চলাচলকারী ছোট নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট