খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও ভদকা মদ উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দীঘিনালা থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার সময় দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের হোটেল একতা ইন এর তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। খাগড়াছড়ির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীঘিনালা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দীঘিনালার বড় মেরুং এলাকার মো. বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), উত্তর মিলনপুর এলাকার আব্দুর রহিম (২৪) এবং বাঁচা মেরুং এলাকার মো. শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৭৫ মিলিলিটারের একটি স্বচ্ছ কাচের বোতলে আনুমানিক ১০ মিলিলিটার ভদকা মদ উদ্ধার করা হয়। বোতলের গায়ে ‘Magic Moment’ এবং ৪২ দশমিক ৮ শতাংশ অ্যালকোহলের উল্লেখ রয়েছে।
এ ছাড়া গলিত ইয়াবাসহ ইয়াবা সেবনের চারটি ফয়েল পেপার, গলিত ইয়াবাসহ বিভিন্ন রঙের ১০টি বোতলের সিপ, মাদক সেবনের তিনটি পাইপ, পাঁচটি লাইটার এবং মাদক সেবনে ব্যবহৃত পাঁচ টাকার একটি নোট জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা ওই কক্ষে ইয়াবা ও অ্যালকোহল সেবনের কথা স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টের আদেশের পর উদ্ধার করা আলামত ও জব্দ তালিকার ভিত্তিতে দীঘিনালা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট