খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় স্কাউট সমাবেশ ও সপ্তম কাব ক্যাম্পুরী-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পুরীতে মোট ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট এবং ১২টি উচ্চ বিদ্যালয় থেকে স্কাউটরা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়ে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম।” তিনি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া শান্তি চাকমা এবং উপজেলা স্কাউট সম্পাদক মো. আক্কাস আলী। তারা বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে স্কাউটিংয়ের বিস্তার তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ এ কে এম বদিউজ্জামান জীবন স্কাউটিং কার্যক্রমের লক্ষ্য ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কণিকা খীশাসহ বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ ক্যাম্পুরীতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে আকর্ষণীয় তাঁবু জলসার মাধ্যমে ক্যাম্পুরীর পর্দা নামবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে স্কাউট কার্যক্রম শুরু হয়। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ দীঘিনালার শিক্ষা অঙ্গনে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট