নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বন্দর রক্ষা কমিটির উদ্যোগে নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বন্দর অভিমুখে এগিয়ে দুই নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।
মিছিলে ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেবো না’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেবো না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বন্দর রক্ষা কমিটির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। এখন সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি ও এনসিটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন এটি।’
বন্দর রক্ষা কমিটির এ নেতা জানান, পুলিশের অনুরোধে আজকের কর্মসূচি শেষ করা হয়েছে। তবে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট