নিউজ ডেস্ক
চট্টগ্রামসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৮ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে রাত ৯টা থেকে পরবর্তী দিন অর্থাৎ আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে— চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামসহ সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট