নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস -এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “নিবিড়”- স্টেপ ডাউন ICU ইউনিট,যা চট্টগ্রামে এই ধরনের প্রথম উদ্যোগ এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ICU সেবা প্রদানের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উন্মোচিত হয়েছে।
এই ইউনিটে মাত্র ৪,৫০০ টাকায় ICU বেড সুবিধা সহ অত্যন্ত কম খরচে সকল ICU সেবা চালু করা হয়েছে, যা চট্টগ্রামের মধ্যে সর্বনিম্ন খরচের আইসিইউ সেবা হিসেবে বিবেচিত হবে । এই উদ্যোগের ফলে সাধারণের জন্য উন্নত মানের ICU সেবা আরো সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস -এর সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াহেদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক জনাব নাফিদ নবী, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান ও বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ। হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. হেলাল উদ্দিন এসিএ এফসিসিএ, চিফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামবাসীর জন্য সুলভ মূল্যে এমন আধুনিক স্টেপ ডাউন ICU সেবা চালু হওয়া সত্যিই একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ উন্নত ও নিবিড় চিকিৎসা আরও সহজে গ্রহণের সুযোগ পাবে। Apollo Imperial Hospitals-এর এই উদ্যোগ নগরীর স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে এবং জনসেবায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “সুলভ মূল্যে স্টেপ ডাউন ICU সেবা চালু হওয়া চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা সাধারণ মানুষের জন্য নিবিড় চিকিৎসা আরও সহজলভ্য করবে।”
তাছাড়া সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াহেদ মালেক বলেন, “অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস -এর লক্ষ্য সবসময়ই সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কোভিড আমাদের শিখিয়েছে—অর্থ নয়, সময়মতো চিকিৎসাই জীবন বাঁচায়। সেই উপলব্ধি থেকেই চট্টগ্রামবাসীর জন্য স্বল্প খরচে স্টেপ ডাউন ICU সেবা চালু করেছি, যাতে প্রয়োজনের সময় সবাই সহজে নিবিড় চিকিৎসা পেতে পারেন।.”
এ প্রসঙ্গে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, “অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস - চক্ষু হাস্পাতাল ট্রাস্ট এবং চট্টগ্রামের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি সমন্বিত উদ্যোগ। যার মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রামবাসীকে সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। তারই একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে নিবিড় স্টেপ ডাউন আইসিইউ সেবা।”
চিকিৎসা সেবার মান বজায় রেখে সাশ্রয়ী খরচে সেবা প্রদান করাই এই ইউনিটের মূল লক্ষ্য,,যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস পুনরায় প্রমাণ করেছে যে, তারা বিশ্বমানের চিকিৎসাসেবা সাশ্রয়ী মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক চট্টগ্রামপোস্ট