ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের গাউছিয়া ট্রাভেলসকে ধর্ম মন্ত্রণালয়ের শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
চট্টগ্রামের গাউছিয়া ট্রাভেলসকে  ধর্ম মন্ত্রণালয়ের শোকজ ছবির ক্যাপশন: চট্টগ্রামের গাউছিয়া ট্রাভেলসকে ধর্ম মন্ত্রণালয়ের শোকজ
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

নুসুক মাসার সিস্টেমের বাইরে কোরবানি সম্পন্নের অভিযোগে চট্টগ্রাম নগরীর মুরাদপুরের ‘গাউছিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ২০২৬ সালের হজে সৌদি আরব সরকারের বাধ্যতামূলক নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে কোরবানি (আদাহি) সম্পন্নের প্রমাণ দিতে না পারায় এই শোকজ দেয়া হয়।

গাউছিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সমন্বয়কারী এজেন্সি হিসেবে হাজিদের কাছ থেকে কোরবানির অর্থ গ্রহণ করেছিল। মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে গত ১৮ জুন তারিখে জারি করা নোটিশে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নোটিশ সূত্রে জানা গেছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজে কেবল নুসুক মাসার সিস্টেমের মাধ্যমেই আদাহি বা কোরবানি সম্পন্ন করার অনুমতি ছিল। অন্য কোনো পদ্ধতিতে কোরবানি সম্পন্নের সুযোগ ছিল না। সেই অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থার হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬-এ কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, দৈফুর রহমান ট্রাভেলস লিড এজেন্সি হিসেবে ২৯টি সমন্বয়কারী এজেন্সির মাধ্যমে মোট ২ হাজার ১৯৯ জন হজযাত্রীকে হজ পালন করায়। পরবর্তীতে জমা দেওয়া তথ্য যাচাই করে দেখা যায়, লিড এজেন্সির পাশাপাশি সমন্বয়কারী এজেন্সি হিসাবে গাউছিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল-জাওয়াদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড হজ সার্ভিস এবং সাদমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এ নিবন্ধিত কোনো হজযাত্রীর কোরবানি নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া যায়নি। অথচ হাজিদের কাছ থেকে কোরবানির অর্থ গ্রহণ করা হয়েছিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের নির্দেশনা লঙ্ঘন এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। তাই সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়।

লিড এজেন্সি ‘দৈফুর রহমান ট্রাভেলস’র অধীনে সমন্বয়কারী হিসেবে কাজ করার সময় চট্টগ্রামের গাউছিয়া ট্রাভেলস সহ আরো তিনটি সমন্বয়কারী এজেন্সি গুরুতর নিয়ম ভঙ্গ ও গাফিলতি করেছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এজেন্সিগুলো মন্ত্রণালয়কে জানায়, কারিগরি সমস্যা, আইটি কর্মীর অভাব এবং কিছু ক্ষেত্রে হজযাত্রীদের অন্য ক্যাটাগরিতে নিবন্ধনের (যেমন: ইফরাদ হজ, যেখানে কোরবানি বাধ্যতামূলক নয়) কারণে নুসুক সিস্টেমে তথ্যগুলো এন্ট্রি করা যায়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অধিশাখার যুগ্ম-সচিব মো. মঞ্জুরুল হক জানান, এজেন্সি গুলোর দেয়া জবাব যাচাই-বাছাই করা হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা প্রমানিত না হলে এজেন্সির লাইসেন্স বাতিল, জরিমানা বা জামানত বাজেয়াপ্ত করার মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

শোকজের বিষয়টি জানতে গাউছিয়া ট্রাভেলস এন্ড ট্যুরসের কর্ণধার মোহাম্মদ মহিউদ্দিনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড