চট্টগ্রাম স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, স্থানীয় ছাত্রনেতা ও অভিভাবকসহ শতাধিক মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জাকির হোসেন রাব্বি, স্থানীয় প্রতিনিধি আবুল হোসেন, ছাত্রনেতা সৌকত ও রিদওয়ানসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, ইসহাককে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার আগেই তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। তবে সেই অভিযোগ বিবেচনা না করেই গত ২৪ তারিখ তাঁকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।
সমাবেশে ছাত্রনেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আত্মত্যাগের পর শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিতর্কিত নিয়োগ মেনে নেওয়া হবে না। তাঁরা অনতিবিলম্বে সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণ এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত পরিচালনা করে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট