নিউজ ডেস্ক | চট্টগ্রাম
চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জারি করা রুলের ওপর হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার)।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে রায় দেবেন।
এর আগে, এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন হাইকোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রুল শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত শুনানি শেষে গত বৃহস্পতিবার (২ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে আদেশ দেন।
আদালতে ওইদিন রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। জামায়াত প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট