মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ কানাইমাদারী নিদাগের পাড়া গ্রামের রাজমিস্ত্রী মোহাম্মদ আরাফাত (২৯) গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর ১১ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তা বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যেও নিখোঁজের ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত আরাফাতকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পরিবারের আকুতি জানিয়েছেন স্বজনরা। পরিবার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন আরাফাত। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোথাও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ আরাফাতের স্ত্রী রুমা আক্তার স্বামীর সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ আরাফাতের বৃদ্ধ পিতা ব্যাটারিচালিত অটোরিকশা চালক আশরাফ আলী বলেন, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয় সে, কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ খবর আমরা পাইনি। পরে গত ৯ ফেব্রুয়ারি থানায় জিডি করি। আমার ছেলেকে প্রশাসনের সহযোগিতায় দ্রুত ফিরে পেতে সকলের সহযোগিতা চাই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইলের কললিস্ট পর্যালোচনা করে তার অবস্থান সনাক্তের প্রচেষ্টা অব্যাহত আছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট