মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু মার্মা (২৬) ও জামাল উদ্দিনকে (১৯) আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একনলা একটি বন্ধুক উদ্ধার করা হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) চন্দনাইশ উপজেলার ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ৪১ নং লট এলাহাবাদ পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত বাবু মার্মা পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলার বান্দরবান সদর থানার কোয়ালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড চেমি ডলু পাড়া এলাকার অংপই মার্মার ছেলে ও জামাল উদ্দিন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ৪১ নং লট এলাহাবাদ পুটিছড়ি এলাকার মোহাম্মদ শাহাজাহানের ছেলে। চন্দনাইশ থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামিরা পাহাড়ি এলাকা হতে লোকালয়ে এসে বন্দুকটি বিক্রির জন্য চেষ্টা করছিল মর্মে প্রাথমিক তদন্তে প্রকাশ পায় বলে জানা যায়। অপরদিকে আটককৃত আসামি বাবু মার্মা ইতোপূবে মাদক মামলায় জামিনে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান জানান, তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

দৈনিক চট্টগ্রামপোস্ট