মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ ২৬ শে মার্চ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম অভিমুখী থেকে কক্সবাজার যাওয়ার পথে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের হেলপার ও এক যাত্রীসহ মোট ২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০১৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়।
দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন: ফরিদ (৩৫): বাসের হেলপার। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী এলাকার কবির হোসেনের পুত্র। ফরিদ (৬৫): বাস যাত্রী। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আদুনগর এলাকার আবদুল ওয়াজেদের পুত্র।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
দুর্ঘটনা কবলিত ঈগল পরিবহনের বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট