নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে টাইলস বোঝাই পিকআপভ্যানের দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন
সোমবার (৫ অক্টোবর) ভোরে সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে টাইলস নিয়ে একটি পিকআপভ্যান চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে পিকআপভ্যানটি সীতাকুণ্ডের ফকিরহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকের পাশের আসনে থাকা টাইলস মিস্ত্রি ইসমাইল গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ ইসমাইলকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক মো. নুরুল আফসার ঢাকা পোস্টকে বলেন, ‘চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তা জানি না। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দৈনিক চট্টগ্রামপোস্ট