খাগড়াছড়ি// প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬-এ প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক দীঘিনালা উপজেলা দলকে ৩-২ গোলে পরাজিত করেছে লংগুদু উপজেলা দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দীঘিনালা ফুটবল মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের মেজর মো. তৌকির আহমেদ। এ সময় দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা দেখতে মাঠে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই হাজার দর্শকের সমাগম ঘটে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে লংগুদু উপজেলা দল ৩টি গোল করে। বিপরীতে দীঘিনালা উপজেলা দল ২টি গোল করতে সক্ষম হয়। ফলে ৩-২ গোলের ব্যবধানে লংগুদু উপজেলা দল জয় পায়।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ম্যাচে পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
দৈনিক চট্টগ্রামপোস্ট