খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তীব্র জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী।
রবিবার (২১ মার্চ) রাতে বাবুছড়া ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজহারুল ইসলামের নেতৃত্বে বাবুছড়া নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দোকানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
এ সময় জিনিয়ন চাকমা ও গীতি রতন চাকমা নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তেল মজুদ করে সংকটকে পুঁজি করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ স্বীকার করেন বলে জানা গেছে।
পরবর্তীতে তারা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করে মুচলেখা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালায় জ্বালানি তেলের সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় অসাধু ব্যবসায়ীদের এমন কার্যক্রম জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট