নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল জানান, অর্থ আত্মসাতের একটি মামলায় গত ১ ফেব্রুয়ারি তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামের আরেক শিল্পগোষ্ঠী সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ মোট ২৯ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। তবে অত্যন্ত গোপনীয়তার সাথে করা এই মামলার বিষয়টি গত ১ ফেব্রুয়ারি বিকেলে প্রথম গণমাধ্যমে জানাজানি হয়।
এই মামলায় দেশের আলোচিত সিকদার গ্রুপের চার পরিচালককে আসামি করা হয়েছে। তারা হলেন রন হক সিকদার, রিক হক সিকদার, মিসেস মনোয়ারা সিকদার এবং সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদার।
এছাড়াও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকেও এই মামলায় আসামি করা হয়েছে। উল্লেখ্য, আসামিদের সবাই ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট