ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি | চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে এক অদ্ভুত ও রসাত্মক ঘটনা ঘটেছে। টাঙানোর মাত্র ৪ ঘণ্টার মাথায় তীব্র বাতাসের তোড়ে ছিঁড়ে লন্ডভন্ড হয়ে গেছে ব্রাজিল সমর্থকদের টানানো ৩০০ মিটার দীর্ঘ একটি পতাকা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল রসোত্তীর্ণ তর্কযুদ্ধ ও কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ই জুন (সোমবার) পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের স্থানীয় ব্রাজিল সমর্থক আরমান ৩০০ মিটার দীর্ঘ একটি ব্রাজিলের পতাকা তৈরি করেন। এরপর সেটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের 'জুলুয়ার দীঘির পাড়' এলাকায় মহাসড়কের পাশে টাঙানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, টাঙানোর মাত্র ৪ ঘণ্টার মাথায় তীব্র বাতাসে বিশাল এই পতাকাটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়।
পতাকা ছিঁড়ে যাওয়ার এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় চায়ের দোকানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকরা খোঁচা দিতে ছাড়েননি। আর্জেন্টিনা ভক্তদের মন্তব্য, "শুরুতেই লন্ডভন্ড, জানি না শেষে কী হয়!"
অন্যদিকে দমে যাননি ব্রাজিল সমর্থকরাও। আর্জেন্টিনা সমর্থকদের মন্তব্যের জবাবে তারা বলেন, "নিজেদের সামর্থ্য নেই, অন্য কেউ কিছু করলে কটূক্তি করাটাই তাদের স্বভাব।"
পতাকা ছিঁড়ে যাওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলেও, পটিয়ার ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে এটি দারুণ কৌতূহল এবং উৎসবমুখর আমেজ তৈরি করেছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট