নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম পোস্ট
পুকুরের পশ্চিম পাড়ে একটি ঘাট— এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে সরকারি বরাদ্দও মিলল। কিন্তু বিপত্তি বাঁধল তখন, যখন সেই স্বপ্নের ঘাটে দুর্নীতির 'সিমেন্ট-বালু' মাখানোর চেষ্টা করা হলো। নিম্নমানের নির্মাণ সামগ্রীর প্রতিবাদ করায় এবার খোদ সাংবাদিককেই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সাব-কন্ট্রাক্টরের বিরুদ্ধে।
সাতকানিয়ার ‘ফজর আলী ভেড়ার’ পুকুরে একটি ঘাট নির্মাণের জন্য গত ১২/১১/২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলেন স্থানীয় জনগণের পক্ষে সাংবাদিক মোহাম্মদ হোছাইন। আবেদনের প্রেক্ষিতে সরকারি বরাদ্দ মঞ্জুর হয় এবং কাজ শুরু করার দায়িত্ব পান স্থানীয় এক সাব-কন্ট্রাক্টর।
এলাকাবাসী বলেন গতকাল ১৩ মে (শুক্রবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের জন্য আনা ইটের খোয়া ও অন্যান্য সামগ্রী অত্যন্ত নিম্নমানের। স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে সাংবাদিক মোহাম্মদ হোছাইন শ্রমিকদের অনুরোধ করেন, যেন সরকারি কাজের মান ঠিক রাখা হয়। কিন্তু কাজের মান ঠিক করা তো দূরের কথা, বিষয়টি কানে যাওয়ামাত্রই অগ্নিশর্মা হয়ে ওঠেন সংশ্লিষ্ট ঠিকাদার।
অভিযোগ উঠেছে, গতকাল ১৩ মে রোজ বুধবার দুপুর ২:৪৫ মিনিটে ঠিকাদার তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে মোহাম্মদ হোছাইনকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ফোনে শুধু গালি দিয়েই ক্ষান্ত হননি তিনি, সাংবাদিককে মিথ্যা অপবাদে ফাঁসানোসহ যেকোনো সময় মারধর ও প্রাণনাশের প্রকাশ্য হুমকি দিয়ে ফোন কেটে দেন।
হুমকির মুখে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দৈনিক ইনফো বাংলার সাতকানিয়া প্রতিনিধি ও নবগঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোছাইন। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঘটনার বিচার চেয়ে তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয়রা বলছেন, জনস্বার্থে করা একটি কাজে স্বচ্ছতা চাওয়া কি অপরাধ? একজন সাংবাদিক যদি দুর্নীতির প্রতিবাদ করে হুমকির মুখে পড়েন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এখন দেখার বিষয়, প্রশাসন এই 'দুর্নীতির থাবা' ও 'প্রকাশ্য হুমকি'র বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।
দৈনিক চট্টগ্রামপোস্ট