নিউজ ডেস্ক | চট্টগ্রাম
৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে কি আসলেই ন্যায়বিচার হচ্ছে, নাকি নিরপরাধ মানুষ প্রতিহিংসার শিকার হচ্ছেন? এই প্রশ্নের সমাধানে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের নামে হওয়া ঢালাও মামলাগুলো পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সকল বাহিনীর প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কিছু সুবিধাবাদী মানুষ ব্যক্তিগত স্বার্থে মামলা করেছে, যা পুলিশ পুনরায় খতিয়ে দেখবে।"
বৈঠকে গৃহীত অন্যান্য মূল সিদ্ধান্তগুলো নিচে তুলে ধরা হলো:
বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত: ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনাটি নতুন করে তদন্ত করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী।
অস্ত্রের লাইসেন্স যাচাই: ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে দেওয়া সকল অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বা অযোগ্যদের দেওয়া লাইসেন্স বাতিল করা হবে।
পুলিশের সংস্কার ও বদলি: পুলিশের ওসি ও এসপি পদায়নে বিতর্কিত 'লটারি পদ্ধতি' বাতিল করা হয়েছে। এখন থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। এছাড়া এসপিদের প্রটোকল ডিউটির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পাসপোর্ট সেবায় নতুনত্ব: পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে 'দলিল লেখক'দের আদলে নিবন্ধিত সহায়তাকারী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে, যারা নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে সাধারণ মানুষকে সহায়তা করবেন।
নিয়োগ ও পুর্নবহাল: নাম-ঠিকানা জালিয়াতি করে পুলিশে চাকরি নেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ২ হাজার ৭০১ জন নতুন কনস্টেবল নিয়োগ এবং ২০০৬ সালে চাকরি হারানো ৬৩০ পুলিশ সদস্যকে স্বপদে ফিরিয়ে আনার সুখবরও দিয়েছেন মন্ত্রী।

দৈনিক চট্টগ্রামপোস্ট