নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম-পুলিশ (চৌকিদার) মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়েছে।
দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ ইউসুফ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার নেজামত উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের গ্রাম-পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর পেকুয়া বাজারস্থ এসডি সিটি সেন্টার গেটের পার্শ্ববর্তী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ১২ দিন লাইফ সাপোর্ট ও চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থেকে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেল। গ্রাম-পুলিশ হিসেবে সে অত্যন্ত সততা ও কর্মনিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করায় এলাকার সকলের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ছিল। ইউসুফের মৃত্যু বারবাকিয়াবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট