ঢাকা | বঙ্গাব্দ

প্রার্থী নুর উদ্দিনের বিরুদ্ধে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
প্রার্থী নুর উদ্দিনের বিরুদ্ধে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন: রিহ্যাব নির্বাচনে নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ad728
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | 

​আবাসন খাতের মর্যাদাপূর্ণ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনে নেতৃত্ব বাছাই নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ও অ্যামিটি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদের নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধেই সরকারি বিধিমালা লঙ্ঘনের একাধিক প্রমাণ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, নগরীর আবেদিন কলোনিতে নুর উদ্দিনের মালিকানাধীন একটি প্রকল্পে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে ৮ তলা পর্যন্ত অনুমোদন দেওয়া হলেও, সেখানে আইন অমান্য করে ১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে নির্মিত এই অতিরিক্ত তিন তলা বর্তমানে অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত। ইতিমধ্যে ওই ফ্ল্যাটগুলো গ্রাহকদের কাছে হস্তান্তর করায় তারা আইনি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে সিডিএ-এর অথরাইজেশন অফিসার-২ তানজিব হোসাইন জানিয়েছেন, ভবনটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে উঁচুকরণ করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় নোটিশ প্রদান করা হয়েছে এবং প্রক্রিয়া শেষে অবৈধ অংশ উচ্ছেদের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগের তালিকায় রয়েছে এমএম আলী রোডের ‘অ্যামিটি রওশন’ নামক আরেকটি প্রকল্পও। সিডিএ সূত্র জানায়, এই প্রকল্পের ৯ তলা ভবনের জন্য আবেদন করা হলেও চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই নির্মাণকাজ শুরু করা হয়েছে। সরেজমিনে ইতিমধ্যে তিন তলা পর্যন্ত কাঠামো নির্মাণের প্রমাণ পাওয়া গেছে, যা ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সুস্পষ্ট লঙ্ঘন।
রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রকল্প শুরুর আগে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এছাড়া প্রতারিত গ্রাহকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার তথ্যও পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এসব বিষয়ে বক্তব্য জানতে নুর উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বর্তমানে ব্যস্ত আছেন জানিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত