ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন: ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শনিবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাবেদও, মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জাবেদের বাড়ির বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর একটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া গেছে ৫ লাখ ৩০ হাজার টাকা।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে ভূজপুর থানা-পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত দুইটার দিকে চা বাগান সংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে গত ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে, বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকানো একটি কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছিনতাই হওয়া বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন