নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগ্রাবাদ থেকে পতেঙ্গা পর্যন্ত প্রধান সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা এবং অনুমতিহীন ব্যানার-ফেস্টুন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অভিযানকালে মেয়র সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ স্থাপনা নির্মাণ এবং যেখানে-সেখানে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে নগরের সৌন্দর্য নষ্টকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট বিভাগের তত্ত্বাবধানে অবৈধ দোকানপাট, স্থাপনা এবং ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "ফুটপাত ও সড়ক দখল কোনোভাবেই বরদাশত করা হবে না। ফুটপাত পথচারীদের জন্য, আর সড়ক যানবাহন চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জনদুর্ভোগ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ, সবুজ, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। নগরের সৌন্দর্য নষ্ট করে এমন সব অবৈধ স্থাপনা, দোকানপাট এবং অনুমতিহীন ব্যানার-ফেস্টুনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "একটি বাসযোগ্য ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন মেনে চলুন, ফুটপাত ও সড়ক দখল করবেন না এবং নগরের সৌন্দর্য রক্ষায় সচেতন ভূমিকা পালন করুন।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং নগরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট