কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) দিয়ে চলাচলকারী সব ত্রাণবাহী যানবাহনের টোল মওকুফ করেছে সেতু কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
জানা যায়, গত ৪ জুলাই থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, বোয়ালখালীসহ জেলার ১১টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। অনেক এলাকায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে যাওয়ায় প্রায় আট লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন মানবিক সংগঠন ত্রাণসামগ্রী নিয়ে দক্ষিণ চট্টগ্রামের দুর্গত এলাকায় ছুটে আসছে।
শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন বলেন, মানবিক বিবেচনায় দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে ত্রাণবাহী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব যানবাহনের কাছ থেকে কোনো টোল নেওয়া হবে না।
তিনি আরও বলেন, টোল মওকুফের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। যতদিন ত্রাণ কার্যক্রম চলবে এবং ত্রাণবাহী যানবাহনের চলাচল অব্যাহত থাকবে, ততদিন এ সুবিধা বহাল থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট