নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাম্বল ও প্রেমবাজার এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪২ ও ৫৩ ধারায় অপরাধের সত্যতা পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ব্যবসায়ীদের অতিরিক্ত দাম আদায়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি এবং নিষিদ্ধ দ্রব্য সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট