নিউজ ডেস্ক | চট্টগ্রাম
বাঁশখালীর প্রেমবাজারের ‘মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ নামের হার্ডওয়্যার দোকান থেকে ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা কালো পোশাক ও মাথায় ক্যাপ পড়ে দোকানে ঢুকে নিজেদের 'SRB' (স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন) সদস্য পরিচয় দেয়। এরপর এহছানকে হাতকড়া পরিয়ে জোর করে তুলে নিয়ে যায় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে ২১ অক্টোবর ভোরে টেকনাফের লেদা ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছ থেকে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চাকরিরত অবস্থায় অপরাধের জন্য বরখাস্ত হওয়া সাবেক সেনাসদস্য সুমন মুন্সি, মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, দেলোয়ার হোসেন এবং টেকনাফ ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মো. ছলিম ওরফে সেলিম।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৫টি কালো রঙের ভুয়া SRB কটি, ২টি জাল পরিচয়পত্র এবং ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রটির মূল হোতা সুমন মুন্সির বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্রসহ মোট ১৩টি মামলা রয়েছে। আব্বাসের বিরুদ্ধে ১টি মাদক মামলা, জয়নালের বিরুদ্ধে অপহরণ ও চুরির ৩টি মামলা এবং রোহিঙ্গা ছলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে মানুষকে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল।
দৈনিক চট্টগ্রামপোস্ট