নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
“জনভোগান্তি নিরসনে শীতলঝর্না সড়কের দ্রুত সংস্কার জরুরি”
-অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। দীর্ঘদিন ধরে অবহেলিত শীতলঝর্না সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে আন্তরিকভাবে কাজ করাই একজন দায়িত্বশীল কর্মীর বৈশিষ্ট্য। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আদর্শিক মানোন্নয়নের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, সহযোগী সদস্যদেরকে দ্বীনি জ্ঞান, আমল ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের অনুশীলন নিশ্চিত করে সমাজ পরিবর্তনের কাজে আত্মনিয়োগ করতে হবে। জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখী আদর্শিক আন্দোলন। এ আন্দোলনের কর্মীদের সততা, আমানতদারিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
বায়েজিদ থানা ২ নং জালালাবাদ ওয়ার্ড আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং জালালাবাদ ওয়ার্ড আমীর মাওলানা মুনিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসেন, জামায়াত নেতা দুলাল হোসেন এবং ফজলুল কাদের প্রমুখ।
সম্মেলনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট