চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর কড়লডেঙ্গা এলাকায় পুকুরের মাছ ও পাড়ের গাছ কেটে লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালখালী থানা এ লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ভোক্তভোগি মোঃ শাহনাম সিদ্দিকী (৪৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ধোরলা বদর শাহ রোড সংলগ্ন তার নিজ নামে নামজারীকৃত পুকুরের পশ্চিম পাড়ে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় তারা পুকুরের পাড়ে থাকা আকাশী গাছ কেটে ফেলে এবং একটি গাছ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পুকুরের মাছ লুটেরও অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাধা দিতে গেলে শাহনাম সিদ্দিকীকে মারধর করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র, লাঠি ও লোহার রড প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান বলেন, “বিষয়টি নিয়ে উভয় পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট