প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় উপজেলার পুরাতন হাই স্কুল মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। এই দিবসের চেতনাকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ম্যাচ শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট