নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার জহির আহামদ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহমদের ছেলে।
শুক্রবার (২৯ মে) গভীর রাতে টেকনাফ সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আসামি জহির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে পলাতক আসামি জহিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় ২০১৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট