ঢাকা | বঙ্গাব্দ

মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ডজন মামলার ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ডজন মামলার ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার ছবির ক্যাপশন: মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ডজন মামলার ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আদালতে বিচারাধীন এক ডজন মামলার আইনি খরচ চালাতে গিয়ে আবারও ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়েছেন মো. জসিম উদ্দিন প্রকাশ ওরফে ‘টোয়েন্টি জসিম’ (৪০)। 

রোববার (২৩ আগস্ট) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানা-পুলিশ অভিযান চালিয়ে ১৪৭টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে।


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান কেইপিজেডের দক্ষিণ গেটের সু-গেট-১-এর সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া প্রকাশ নজু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কেইপিজেড এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।


আটকের পর জিজ্ঞাসাবাদে জসিম নিজের হেফাজতে মাদক কারবারের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে তার পরনের লুঙ্গির গোছা থেকে একটি নীল রঙের বায়ুরোধী পলিপ্যাকে রাখা ১৪৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ১০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


জিজ্ঞাসাবাদে জসিম পুলিশকে জানান, পলাতক আসামি মো. আবছারের কাছ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। নিজের বিরুদ্ধে চলা একাধিক মামলার খরচ জোগাতেই তিনি পুনরায় এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

পুলিশের অপরাধ ডাটাবেজ (সিডিএমএস) ও এজাহার সূত্রে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেবল কর্ণফুলী থানাতেই ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য আইন ও ছিনতাইয়ের একাধিক মামলা নিবন্ধিত রয়েছে। এ ছাড়া পটিয়া ও আনোয়ারা থানায়ও তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।


কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, আসামিরা অবৈধভাবে অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ করেছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট