নিউজ ডেস্ক | চট্টগ্রাম
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের পৈতৃক বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার ভবনে এ ঘটনা ঘটে।
মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। গত দুই বছর ধরে এই ভবনে তাঁর পরিবারের কেউ থাকেন না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ছয় থেকে সাতজন মাস্কধারী ব্যক্তি আশপাশের জিনিসপত্র জড়ো করে ভবনটির দ্বিতীয় তলার বারান্দায় আগুন দেন এবং একটি পটকা ফাটান। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে মাস্ক পরা ব্যক্তিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।
ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মহিবুল হাসানের ভাই বোরহানুল হাসান ফেসবুকে শেয়ার করেছেন। এতে মাস্ক পরা কয়েকজনকে ভবনের সামনে ও বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে মহিবুল হাসানের অংশগ্রহণের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বরও এই ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট