মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
বর্ষার রাতে টিনের চালা বেয়ে ঝরঝর করে পানি পড়ত। বিছানা ভিজে যেত, শরীর গুটিয়ে বসে রাত কাটাতে হতো। শীত এলে ভাঙা বেড়ার ফাঁক গলে হিমেল বাতাস ঢুকে পড়ত ঘরের ভেতর। কাঁথা মুড়িয়েও ঠেকানো যেত না কনকনে ঠান্ডা। এভাবেই বছরের পর বছর মানবেতর জীবনযাপন করছিলেন মিরসরাই উপজেলার অজোপাড়া গাঁয়ের স্বামী-সন্তানহারা দুই বয়োবৃদ্ধ আপন ২ বোন ফিরোজা ও খাতিজা।
জীবনের শেষ প্রান্তে এসে যাদের একমাত্র চাওয়া ছিল মাথার ওপর একটু নিরাপদ ছাদ, সেই স্বপ্নটাই অবশেষে বাস্তব রূপ নিল। জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগে নতুন করে মাথার গোঁজার ঠাঁই পেলেন অসহায় এই দুই বোন।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ঘরের চাবি তুলে দেন। চাবি হাতে পেয়ে দু’চোখ ভরে ওঠে ফিরোজার, কাঁপা কণ্ঠে শুধু বলেন“এ ঘরটা আমাদের জন্য স্বপ্নের মতো।”
জানা গেছে, মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম মেম্বার এলাকার বাসিন্দা ফোরোজা ও খাতিজা দীর্ঘদিন ধরেই চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবন অতিবাহিত করছিলেন। স্বামী ও সন্তানহীন এই দুই বোনের পাশে দাঁড়ানোর মতো ছিল না কেউ। তাদের করুণ জীবনচিত্র স্থানীয় ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের নজরে এলে তারা নিজস্ব অর্থায়নে দুই কক্ষবিশিষ্ট একটি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।
নতুন ঘরের এক পাশে থাকবেন ফিরোজা, অন্য পাশে তার বোন খাদিজা। এখন আর বৃষ্টির পানি ঢুকবে না, শীতের রাতে বাতাসে কাঁপতে হবে না এই ভাবনাতেই তাদের চোখেমুখে প্রশান্তির ছাপ।
আবেগাপ্লুত ফিরোজা বলেন,“আমাদের ঘর ছিল ভাঙা, বেড়া ছিল নড়বড়ে, চালা ছিল ছিদ্রে ভরা। বৃষ্টি হলে ঘুমানো যেত না। শীতে রাত কাটানো ছিল যুদ্ধের মতো। আজ আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। জামায়াতের লোকজন আমাদের দুই বোনের জন্য ঘর করে দিয়েছে। আমরা তাদের জন্য সবসময় দোয়া করবো।”
তিনি আরও বলেন,“আমাদের আরেক বোন আছে, তার ঘরটাও ভাঙা। যদি কখনো তার জন্যও একটা ঘর হয়, তাহলে সেও একটু শান্তিতে থাকতে পারবে।”
স্থানীয় জামায়াতের দায়িত্বশীলরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা নিজেদের পকেটের টাকা দিয়ে এই ঘরটি নির্মাণ করেছেন। ভবিষ্যতে সামর্থ্য হলে অপর বোনের ঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তারা।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন,
“জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করে। অনেক সময় এসব কাজ প্রচারের বাইরে থাকে। তবে ভালো কাজের কথা জানালে অন্যরাও মানবিক উদ্যোগে এগিয়ে আসবে এই বিশ্বাস থেকেই আজকের আয়োজন। তাদের আরেক বোনকে সহযোগিতার উদ্যোগ নিয়েছি। মানবিক কাজে সবসময় জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।"

দৈনিক চট্টগ্রামপোস্ট